Image description

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে হাওর এলাকায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতিতে কোনো ধরনের অনিয়ম বা তালবাহানা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব। তিনি জানান, ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের আগামী ৩ মাস সরকারি প্রণোদনা দেওয়া হবে এবং তাদের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থা করা হচ্ছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে হাওরপাড়ের কৃষক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধী সমাজের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, "হাওরাঞ্চলের কৃষকদের দুঃখ-কষ্ট লাঘবে সরকার পাশে আছে। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এই পরিস্থিতির খোঁজ রাখছেন এবং দ্রুত সহায়তা নিশ্চিত করতে একাধিক নির্দেশনা দিয়েছেন। হাওরের ফসল রক্ষায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী স্থায়ী পরিকল্পনা গ্রহণ করছে যাতে প্রতিবছর কৃষকদের এমন ক্ষতির মুখে পড়তে না হয়।"

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় বক্তব্য রাখেন।

মতবিনিময় সভা শেষে বিকেলে মন্ত্রী বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরপাড় এলাকায় ৪০০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে সরকারি সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় প্রথম পর্যায়ে প্রত্যেক কৃষককে নগদ ৭ হাজার ৫০০ টাকা এবং ২০ কেজি করে চাল প্রদান করা হয়।

মানবকণ্ঠ/ডিআর