Image description

ভারতকে চরম হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তানের পানির প্রবাহ বন্ধ বা সীমিত করার যেকোনো পদক্ষেপকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে। বুধবার (৬ মে) বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এই কঠোর সতর্কবার্তা দেন।

ইসহাক দার বলেন, সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের সাম্প্রতিক অবস্থান দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। তিনি স্পষ্ট করে জানান, পানি পাকিস্তানের জন্য জীবনরেখা এবং এর প্রবাহ পরিবর্তনের যেকোনো একতরফা চেষ্টা ‘রেড লাইন’ অতিক্রম করার শামিল। এর কঠোর পরিণতি সম্পর্কে তিনি ভারতকে সতর্ক করেন।

চেনাব নদীর পানিপ্রবাহে সাম্প্রতিক কিছু পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি এ বিষয়ে ভারতের কাছে স্বচ্ছ ও যাচাইযোগ্য তথ্য দাবি করেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ভারত প্রমাণ ছাড়াই বিভিন্ন হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং আগ্রাসী আচরণ করছে।

পাকিস্তানের সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে সশস্ত্র বাহিনী যেকোনো শত্রুতা মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। অতীতের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও পাকিস্তান সামরিক ও কূটনৈতিকভাবে নিজেদের দৃঢ়তা প্রমাণ করেছে।

ইসহাক দার পুনর্ব্যক্ত করেন যে, কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি বজায় রাখা অসম্ভব। পাকিস্তান শান্তি চায়, তবে সেই শান্তি কোনো একতরফা পদক্ষেপ বা সার্বভৌমত্বের বিনিময়ে হতে পারে না। সংঘাত এড়াতে চাইলে ভারতকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

সূত্র: সামা টিভি

মানবকণ্ঠ/আরআই