Image description

দেশের ক্রিকেটের এক সময়ের প্রভাবশালী ব্যক্তিত্ব ও সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এখন সুদূর লন্ডনে সাধারণ জীবনযাপন করছেন। দীর্ঘ প্রায় দুই বছর ধরে প্রবাসে থাকা পাপনের একটি নতুন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে তাকে লন্ডনের একটি রাস্তায় বসে বেশ আয়েশ করে আইসক্রিম খেতে দেখা যাচ্ছে।

মঙ্গলবার মধ্যরাতে ওলিউল্লাহ নোমান নামে এক ব্যক্তির পোস্ট করা এই ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী এই ক্রীড়া সংগঠক ও আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্যকে লন্ডনের ফুটপাতে এমন ঘরোয়া ভঙ্গিতে বসে থাকতে দেখে ক্রীড়াপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তার এই আমূল বদলে যাওয়া জীবনযাত্রাকে সময়ের বিবর্তন হিসেবে দেখছেন।

২০১২ সালে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া নাজমুল হাসান পাপনের এক যুগেরও বেশি সময়ের শাসনের অবসান ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে। ওই বছরের ২১ আগস্ট লন্ডন থেকেই তিনি নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন। এরপর থেকে তিনি যুক্তরাজ্যেই অবস্থান করছেন। এর আগেও বিভিন্ন সময় লন্ডনের সুপার শপে কেনাকাটা বা রাস্তায় হাঁটার সময় তাঁর ছবি সামনে এলেও, এবারের ‘আইসক্রিম খাওয়ার’ ছবিটিতে এক ভিন্ন নির্ভার বাস্তবতার চিত্র ফুটে উঠেছে।

পাপনের বিদায়ের পর গত দুই বছরে দেশের ক্রিকেট বোর্ডে বড় ধরনের সংস্কার ও নেতৃত্বের পরিবর্তন এসেছে। পাপনের পর ফারুক আহমেদ আট মাস বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর ২০২৫ সালের মে মাসে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বিসিবির হাল ধরেন। সর্বশেষ ২০২৬ সালের ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক অ্যাডহক কমিটি গঠনের পর বর্তমানে বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

বিসিবিতে যখন নতুন নেতৃত্বে সংস্কারের ঢেউ চলছে, তখন লন্ডনের রাস্তায় পাপনের এমন ছবি তাঁর দীর্ঘ বর্ণাঢ্য ও বিতর্কিত ক্যারিয়ারের বিপরীতে এক নিভৃত ও ভিন্ন জীবনবোধের কথাই মনে করিয়ে দিচ্ছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ছবির নিচে ভক্ত-সমর্থকদের মন্তব্যের জোয়ার বইছে, যেখানে তাঁর আমলের ক্রিকেটের নানা স্মৃতিচারণ করছেন অনেকে।

মানবকণ্ঠ/আরআই