Image description

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে প্রবাস জীবন কাটাচ্ছেন। সুদূর প্রবাসে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার। তবে সম্প্রতি বিয়ে ও সন্তান নিয়ে ভক্তদের অনাকাঙ্ক্ষিত কিছু প্রশ্নে বিরক্ত হয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। সেখানে তিনি নিজের ব্যক্তিগত জীবন এবং ধর্মীয় বিশ্বাস নিয়ে খোলামেলা কথা বলেছেন।

ভিডিওর শুরুতে ভক্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রভা বলেন, ‘আপনি হয়তো আমার একজন প্রকৃত ভক্ত, আমার নাটক বা কাজ পছন্দ করেন। কিন্তু কোনো ডাক্তারখানা, শপিং মল বা রেস্টুরেন্টে দেখা হলে কোনো শিষ্টাচার ছাড়াই যদি হুট করে প্রশ্ন করেন—আপা বিয়ে করছেন না কেন? তখন বিষয়টি খুবই ‘ইনডিসেন্ট’ (অশালীন) হয়ে যায়।’

বিয়ে, জন্ম ও মৃত্যুকে সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন না? জন্ম, মৃত্যু আর বিয়ে—এই তিনটি জিনিস আল্লাহ নিজের হাতে রেখেছেন। আমার কপালে যদি বিয়ে লেখা থাকে, তবে আমি না চাইলেও তা হবে। আর যদি আমার জন্য তা লেখা না থাকে, তবে আমি জোর করে তা করতে পারব না।’

নিজের জীবনের লড়াইয়ের কথা উল্লেখ করে প্রভা বলেন, ‘আমার স্ট্রাগল তো একমাত্র আল্লাহই জানেন। দুনিয়ার মানুষকে আমার ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। আমার বোঝাপড়া শুধু ওপরওয়ালার সঙ্গেই ঠিক থাকতে হবে। আল্লাহ অবশ্যই আমার ভালো চেয়েই হয়তো অনেক কিছু আমার জন্য লিখে রাখেননি।’

সমাজে নারীদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করার প্রবণতা নিয়েও কথা বলেন তিনি। প্রভা বলেন, ‘আপনাদের কাছে আমাদের লাইফস্টাইল উগ্র মনে হতে পারে, কিন্তু প্রতিটি মেয়েই দিনশেষে একটা সুন্দর সংসার চায়। এমনকি যারা টক্সিক রিলেশন বা ভাঙা সংসার থেকে ফিরে এসে লড়াই করছে, তাদের মনেও কষ্ট আছে। এ ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’ তিনি আরও যোগ করেন, সন্তান সৃষ্টিকর্তার দান, এটিও মানুষের নিয়ন্ত্রণে নয়।

মানবকণ্ঠ/আরআই