পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার (২১ সেপ্টেম্বর) ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন—আলিমা খান, ডা. উজমা খান ও নোরিন খান। সাম্প্রতিক প্রতিবেদনে নোরিনকে নোরিন নিয়াজি নামেও উল্লেখ করা হয়েছে। তাদের লাহোরের কোট লাখপত কারাগারে পাঠানো হয়েছে।
পিটিআইয়ের তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম এএফপিকে জানান, ইমরানের তিন বোন ও তাদের সন্তানদের হেফাজতে নেওয়া হয়েছিল। পরে শিশুদের ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের ডেপুটি কমিশনার রোববার তিন বোনের বিরুদ্ধে পৃথক আটকাদেশ জারি করেন। পাঞ্জাবের জনশৃঙ্খলা রক্ষা আইনের আওতায় তাদের ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেওয়া হয়। পুলিশের সুপারিশের ভিত্তিতে এ আদেশ দেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানান।
এর আগে রোববার আলিমা খানকে আটক করা হয়। পরে তাকে কোট লাখপত কারাগারে পাঠানো হয়। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, তার দুই ছেলেকেও সাময়িকভাবে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের কর্মসূচি
ইমরান খানের মুক্তি এবং সংবিধানের প্রাধান্য নিশ্চিত করার দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছে পিটিআই।
তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ কর্মসূচিকে অবৈধ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, সরকার কাউকে সড়ক অবরোধ করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে দেবে না।
ইমরানের বোনদের গ্রেপ্তার ও পিটিআই কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে ঘিরে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তেজনার মধ্যেই ঘটল।
২০২৩ সাল থেকে কারাগারে ইমরান
ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। গত বছরের শেষদিকে দুর্নীতির মামলায় তাকে ও তার স্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে দুজনই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
৭৩ বছর বয়সী ইমরান খান ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। ২০২২ সালে অনাস্থা ভোটে তিনি ক্ষমতাচ্যুত হন। এরপর তার সঙ্গে পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানের বিরোধ আরও তীব্র হয়।
ইমরানের দল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে চলা বিভিন্ন মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে। তবে পাকিস্তান সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র: ফ্রান্স ২৪
এসএস




Comments