পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরবর্তী সহিংসতায় নিজের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনাকে ‘সুপরিকল্পিত’ ও ‘ঠাণ্ডা মাথার খুন’ বলে অভিহিত করেছেন তিনি।
বৃহস্পতিবার (৭ মে) সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, ঘাতকরা এই হামলা চালানোর আগে দীর্ঘক্ষণ এলাকাটিতে ‘রেকি’ বা পর্যবেক্ষণ করেছিল। তিনি এই ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে বর্ণনা করেন।
গত বুধবার (৬ মে) রাত সাড়ে ১০টা নাগাদ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোলতলা এলাকায় এই বর্বরোচিত হামলা ঘটে। মোটরসাইকেলে আসা একদল দুষ্কৃতী চন্দ্রনাথ রথের গাড়ি থামিয়ে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
হাসপাতালের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী জানান, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত তাকে এই ঘটনার নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দিয়েছেন।
শুভেন্দুর অভিযোগ, যেভাবে হামলাটি চালানো হয়েছে তাতে স্পষ্ট যে এটি আগে থেকেই পরিকল্পিত ছিল। তবে বিষয়টি তদন্তাধীন থাকায় তিনি সরাসরি কোনো রাজনৈতিক সংগঠনের নাম নেননি।
দলীয় কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে এই বিজেপি নেতা বলেন, "আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে প্রকৃত দোষীদের খুঁজে বের করুক।"
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু আরও অভিযোগ করেন, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপি কর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। তিনি জানান, যখন তিনি হাসপাতালে সতীর্থের খোঁজ নিচ্ছিলেন, ঠিক সেই সময়েই বসিরহাটে এক কর্মীকে গুলি এবং বরাহনগরে অন্য একজনকে ছুরিকাঘাত করা হয়েছে।
এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিষয়ে তিনি ইতোমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় নেতা নীতিন নবীনের সঙ্গে কথা বলে বিস্তারিত জানিয়েছেন বলে জানা গেছে।
সূত্র: এনডিটিভি।
মানবকণ্ঠ/আরআই




Comments