Image description

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত ও উত্তেজনা খুব দ্রুতই শেষ হয়ে যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (৭ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং বিশ্ব তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে একটি কার্যকর চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। এই সংঘাতময় পরিস্থিতির দ্রুত অবসান ঘটবে বলে তিনি মনে করেন।

দলের সমর্থকদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প বলেন, "বর্তমানে যা কিছু ঘটছে, তার পেছনে একটি অত্যন্ত জোরালো ও গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আমরা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দিতে পারি না।"

মার্কিন প্রেসিডেন্ট আরও যোগ করেন, "আমি মনে করি অধিকাংশ মানুষই বর্তমান পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছেন। তারা অনুধাবন করছেন যে আমরা যা করছি তা সঠিক এবং এই যুদ্ধ বা উত্তেজনাকর পরিস্থিতি খুব দ্রুতই শেষ হয়ে যাবে।"

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে তিনি তেহরানের ওপর চাপ সৃষ্টির পাশাপাশি একটি কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখছেন। তবে পারমাণবিক ইস্যুতে তিনি কোনো ছাড় দিতে রাজি নন, তা আবারও স্পষ্ট করেছেন।

তথ্যসূত্র : আল-জাজিরা

মানবকণ্ঠ/আরআই