খাগড়াছড়ির পানছড়িতে আঞ্চলিক রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মো. ইমন হোসেন (২৫) পানছড়ির মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগী সদস্য ছিলেন বলে জানা গেছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার কারণে ইমন সাধারণত বাড়িতে থাকতেন না। তবে বুধবার রাতে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে তিনি গোপনে বাড়িতে এসেছিলেন। বৃহস্পতিবার ভোরে বাড়ির সামনে হাঁটাহাঁটি করার সময় তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইউপিডিএফ গণতান্ত্রিকের সংগঠক অমর চাকমা এই ঘটনার জন্য তাদের প্রতিদ্বন্দ্বী গ্রুপ ইউপিডিএফকে (প্রসিত) দায়ী করেছেন। তিনি দাবি করেন, ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা ইমনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংগঠনটির মুখপাত্র অংগ্য মারমার মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments