Image description

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হচ্ছে না দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজগমকে (টিভিকে) এখনই সরকার গঠনের অনুমতি দেননি রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার।

বৃহস্পতিবার (৭ মে) পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী থালাপতি বিজয়ের শপথ নেওয়ার কথা থাকলেও রাজভবনের আপত্তিতে তা স্থগিত করা হয়েছে। গভর্নর জানিয়েছেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজয়ের দলের কাছে আছে কি না, সে বিষয়ে তিনি এখনো নিশ্চিত নন।

নির্বাচন পরবর্তী সমীকরণ অনুযায়ী, ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। বিজয়ের দল টিভিকে পেয়েছে ১০৮টি আসন। এর সঙ্গে কংগ্রেসের ৫ সদস্যের সমর্থন যুক্ত হলেও মোট সংখ্যা দাঁড়ায় ১১৩-তে, যা ম্যাজিক ফিগার থেকে আরও ৫টি কম। এই ৫ আসনের ব্যবধানই আপাতত বিজয়ের মসনদে বসার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

রাজভবন সূত্রে জানা গেছে, গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। অন্যান্য দলগুলোর পক্ষ থেকে বিজয়ের প্রতি সমর্থনের মৌখিক ইঙ্গিত থাকলেও তা লিখিত বা দালিলিকভাবে প্রমাণিত হয়নি। সংবিধান ও সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি পুরোপুরি নিশ্চিত না হয়ে গভর্নর কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান না।

উদ্ভূত পরিস্থিতিতে আজ সকাল ১১টায় আবারও গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে থালাপতি বিজয়ের। রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে বিজয় দ্রুতই নতুন কোনো জোট সমীকরণ তৈরি করতে পারেন।

সব মিলিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে এখন চরম নাটকীয়তা বিরাজ করছে। বিজয়ের ভক্ত ও সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় তারকার রাজনৈতিক ভবিষ্যৎ এবং পরবর্তী পদক্ষেপ দেখার জন্য।

মানবকণ্ঠ/আরআই