রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এ আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। বাদী পক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আবেদনে অভিযুক্ত অন্য আসামিরা হলেন— বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এয়ার কমান্ডিং অফিসার মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, অফিসার কমান্ডিং ম্যানটেইনেন্স গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভার্নিং বডির উপদেষ্টা নুরনবী (অব. কর্নেল), প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম, প্রিন্সিপাল (প্রশাসন) মো. মাসুদ আলম এবং স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী।
এছাড়াও আসামির তালিকায় রয়েছেন— রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ফিল্ড সুপারভাইজার, শিক্ষা মন্ত্রণালয় সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ড. রিজওয়ানা হাসান এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলম।
উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় মোট ৩৬ জন প্রাণ হারান, যাদের মধ্যে ২৮ জনই ছিলেন ওই স্কুলের শিক্ষার্থী।
পরবর্তীতে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত ৫ নভেম্বর তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments