Image description

নাটোরের বড়াইগ্রামে লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে বহুল প্রতীক্ষিত বড়াল নদীর ওপর ব্রিজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এলজিইডি’র তত্ত্বাবধানে ৩ কোটি ৬৪ লাখ ৭৪ হাজার ৩৮৫ টাকা ব্যয়ে ৩৫ মিটার দীর্ঘ এই ব্রিজটি নির্মাণ করা হবে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বড়াইগ্রাম পৌরসভার চকবড়াইগ্রাম এলাকায় প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ নামফলক উন্মোচনের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম, সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, সাবেক সহ-সভাপতি ঈমান আলী, সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ এবং সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ।

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে প্রবল স্রোতে পাইলিংবিহীন পুরাতন ব্রিজটি ভেঙে পড়লে বড়াইগ্রাম পৌরসভাসহ তিনটি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়। নতুন এই ব্রিজটি নির্মিত হলে এলাকার লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট দূর হবে।

মানবকণ্ঠ/ডিআর