বাগেরহাটের চিতলমারীতে তুচ্ছ ঘটনায় জুস কেনাকে কেন্দ্র করে মুজাহিদ মোল্লা (৪০) নামের এক দোকানিকে কুপিয়ে হত্যা করেছে এক ক্রেতা। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টার দিকে উপজেলার হিজলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মুজাহিদ মোল্লা হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে। তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির সামনে নিজের দোকানে বসে ছিলেন মুজাহিদ মোল্লা। এ সময় একই গ্রামের বাইজিদ ইজারাদার নামের এক যুবক তার দোকান থেকে একটি জুস কেনেন। জুসটি হাতে নিয়ে বাইজিদ দাবি করেন এটি ভালো না। তখন দোকানি মুজাহিদ জুসটি নিজে খেয়ে তাকে জানান যে এটি নষ্ট নয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাইজিদ তার হাতে থাকা ধারালো অস্ত্র (আশুয়া) দিয়ে মুজাহিদের গলায় কোপ দেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক বাইজিদ ইজারাদারকে গ্রেফতার করা হয়েছে। সে একই গ্রামের বাদশা ইজারাদারের ছেলে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মানবকণ্ঠ/ডিআর




Comments