Image description

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যের তিন দেশে নতুন করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রোববার (১০ মে) কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে এসব হামলা চালানো হয়। কাতারের জলসীমায় একটি বাণিজ্যিক জাহাজে হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কুয়েত ও আমিরাতে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনী তাদের আকাশসীমায় ইরান থেকে ছোড়া অন্তত দুটি ড্রোন শনাক্ত এবং সফলভাবে ভূপাতিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা ৫৫১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২৬৫টি ড্রোন মোকাবিলা করেছে।

এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সকালে আবুধাবি থেকে আসা একটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ মেসাইদ বন্দরের উত্তর-পূর্ব দিকে কাতারের জলসীমায় ড্রোন হামলার শিকার হয়। এতে জাহাজটিতে সীমিত পর্যায়ে আগুন ধরে যায়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিটেনের একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থাও দোহার কাছে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর নিশ্চিত করেছে।

অন্যদিকে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, রোববার ভোরের দিকে তাদের দেশেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে এই হামলার লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি দেশটি।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি চললেও এই সিরিজ ড্রোন হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আবারও চরম অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। হরমুজ প্রণালী ও লোহিত সাগর সংলগ্ন অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পুরো অঞ্চলে সামরিক সতর্কতা জোরদার করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই