Image description

ইরানের আকাশসীমার কাছে মার্কিন স্টেলথ ড্রোন শনাক্ত হওয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি। ইরান সতর্ক করে বলছে, কোনো গোপন নজরদারি বরদাস্ত করা হবে না। জানুন এই ঘটনা কীভাবে আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করছে।

মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বাড়ছে অদৃশ্য যুদ্ধের উত্তাপ। রাডারের চোখ ফাঁকি দিয়ে ইরানের আকাশসীমার কাছে দেখা গেছে মার্কিন স্টেলথ ড্রোন-তেহরানের এমন দাবিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরো অঞ্চলে।

ইরানের কড়া হুঁশিয়ারি-দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের গোপন নজরদারির জবাব দেয়া হবে কঠোরভাবে। আর এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে আবারও প্রশ্ন উঠছে-ওয়াশিংটন ও তেহরানের ছায়া সংঘাত কি আরও বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে?

স্টেলথ প্রযুক্তি আধুনিক সামরিক বিশ্বের সবচেয়ে গোপন ও কৌশলগত সক্ষমতাগুলোর একটি। এই প্রযুক্তিতে তৈরি ড্রোন বা যুদ্ধবিমান সাধারণ রাডারে সহজে ধরা পড়ে না। অর্থাৎ প্রতিপক্ষের আকাশসীমায় প্রবেশ করে গোপনে তথ্য সংগ্রহ করাই এর প্রধান উদ্দেশ্য। আর সেই প্রযুক্তির মার্কিন নজরদারি ড্রোন এবার ইরানের আকাশসীমার কাছাকাছি শনাক্ত করা হয়েছে বলে দাবি দেশটির সামরিক বাহিনীর।

ইরানের প্রতিরক্ষা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ড্রোনটি সংবেদনশীল সামরিক স্থাপনা ও প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নজরদারির চেষ্টা চালাচ্ছিল। দেশটির আকাশ প্রতিরক্ষা ইউনিট সেটিকে শনাক্ত করার পর সতর্ক সংকেত পাঠানো হয়। এর পরই যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে হুঁশিয়ারি দেয় তেহরান।