সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে এক ব্যক্তিকে মারধর করে নগদ টাকা ও চেক বই ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ধামাইনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপির কোষাধ্যক্ষ মো. আবু সাইদ হোসেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ধামাইনগর গ্রামের বাসিন্দা আবু সাইদ হোসেন গত রোববার দুপুরে সোনালী ব্যাংক পিএলসির ধানগড়া শাখা থেকে ১ লাখ ২০ হাজার ৫০০ টাকা উত্তোলন করেন। পরে তিনি রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডসংলগ্ন হক মার্কেট এলাকার সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাঁর পথরোধ করেন।
লিখিত অভিযোগে আবু সাইদ দাবি করেন, রায়গঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন, আলাউদ্দিনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তাঁকে ঘিরে ধরে গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। এ সময় তাঁর কাছে থাকা নগদ টাকা ও সোনালী ব্যাংকের একটি চেক বই ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়দের সহায়তায় তিনি চিকিৎসা নেন। এ ঘটনায় কয়েকজনকে সাক্ষী উল্লেখ করে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী সাবেক বিএনপি নেতা মো. আবু সাইদ হোসেন বলেন, “আমি আমার টাকা ফেরত চাই। সেই সঙ্গে অভিযুক্তদের বিচার দাবি জানাই। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি ”
অভিযুক্ত রায়গঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. সাদ্দাম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Comments