আমাদের সেনারা প্রস্তুত, হামলা হলে যুক্তরাষ্ট্র ‘আশ্চর্য’ হবে: ইরানের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো ধরনের আগ্রাসন বা সামরিক দুঃসাহস দেখায়, তবে তার দাঁতভাঙা জবাব দিতে ইরানি সেনারা পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের ঘালিবাফ। সোমবার (১১ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য হামলার হুমকির প্রতিক্রিয়ায় তিনি এই কড়া বার্তা দেন।
ইরানের সঙ্গে পরমাণু বা আঞ্চলিক ইস্যুতে চলমান আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি মার্কিন জেনারেলদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেন। এরপরই আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ইরানকে নতুন চুক্তিতে বাধ্য করতে ট্রাম্প আবারও দেশটিতে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছেন।
মার্কিন প্রেসিডেন্টের এই যুদ্ধংদেহী অবস্থানের জবাবে বাঘের ঘালিবাফ বলেন, ইরানের পেশ করা ১৪ দফার মধ্যেই ইরানিদের নায্য অধিকার নিহিত আছে। এই দাবিগুলো মেনে নেওয়া ছাড়া ওয়াশিংটনের সামনে আর কোনো পথ খোলা নেই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে স্পিকার লিখেছেন, “যেকোনো নতুন আগ্রাসনের যথোপযুক্ত জবাব দিতে ইরান প্রস্তুত। ভুল কৌশল এবং ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফলাফলই বয়ে আনে, যা বিশ্ব ইতিপূর্বেও দেখেছে।” তিনি আরও যোগ করেন, “আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। যদি তারা হামলা চালায়, তবে আমাদের পাল্টা জবাবে তারা অবাক (আশ্চর্য) হবে।”
বাঘের ঘালিবাফ মার্কিন প্রশাসনকে সতর্ক করে বলেন, বলপ্রয়োগ বা অন্য কোনো অগণতান্ত্রিক পদ্ধতিতে ইরানকে দমানো সম্ভব নয়। এ ধরনের প্রচেষ্টা কেবল ব্যর্থতাই ডেকে আনবে। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যত বেশি সময়ক্ষেপণ করবে এবং যুদ্ধের পথে হাঁটবে, তাদের দেশের সাধারণ করদাতাদের অর্থের অপচয় ততই বাড়তে থাকবে। এর বাইরে তারা আর কিছুই অর্জন করতে পারবে না।”
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান এই উত্তেজনা নতুন করে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের শঙ্কা জাগিয়ে তুলেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
মানবকণ্ঠ/আরআই




Comments