তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই জনকল্যাণে বড় ধরনের চমক দেখালেন দক্ষিণী সুপারস্টার সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। তাঁর নেতৃত্বাধীন নতুন সরকার রাজ্যজুড়ে মন্দির, স্কুল এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের ঐতিহাসিক নির্দেশ দিয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এসব দোকান স্থায়ীভাবে বন্ধ করার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জনসাধারণের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিজয়ের দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে) এই সিদ্ধান্ত নিয়েছে। মূলত রাজ্যের স্টেট মার্কেটিং করপোরেশন (টাসম্যাক) পরিচালিত এসব দোকান সরিয়ে নেওয়ার কাজ দ্রুত শুরু করতে বলা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে তামিলনাড়ু রাজ্যে ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। যার মধ্যে ২৭৬টি ধর্মীয় উপাসনালয়ের পাশে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ড সংলগ্ন জনবহুল এলাকায় অবস্থিত। নির্বাচনী ইশতেহারে থালাপতি বিজয় ‘মাদকাসক্তিমুক্ত’ তামিলনাড়ু গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম বড় পদক্ষেপ।
উল্লেখ্য, মদের দোকান থেকে তামিলনাড়ু সরকারের রাজস্বের একটি বড় অংশ আসে। গত ২০২৫ অর্থবছর শেষে এই খাত থেকে আয়ের পরিমাণ ছিল প্রায় ৪৮ হাজার কোটি টাকারও বেশি। বিপুল এই আয়ের হাতছানি উপেক্ষা করে জনস্বার্থে বিজয়ের এমন কঠোর সিদ্ধান্ত দলমত নির্বিশেষে সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
বিগত নির্বাচনে বিজয়ের দল টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ১০টি আসন পিছিয়ে ছিল। তবে পরবর্তীতে কংগ্রেস, বামপন্থি দল এবং ভিসিকে-র সমর্থনে জোট সরকার গঠন করেন এই অভিনেতা। মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর এই সাহসী পদক্ষেপ তামিল রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মানবকণ্ঠ/আরআই




Comments