যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের আড়ালে ইরানে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব: রয়টার্স
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের রক্তক্ষয়ী সংঘাত চলার সময় গোপনে তেহরানে বেশ কিছু বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব। দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের ওপর রিয়াদের এমন নজিরবিহীন ও আক্রমণাত্মক ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুজন পশ্চিমা ও দুজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রিয়াদ ও তেহরানের মধ্যকার ছায়াযুদ্ধ নতুন মোড় নেয়। ইতিপূর্বে সৌদি আরব কখনো সরাসরি ইরানের মূল ভূখণ্ডে সামরিক অভিযান না চালালেও এবারের হামলা ইঙ্গিত দিচ্ছে যে, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক আধিপত্যের লড়াইয়ে সৌদি আরব আগের চেয়ে অনেক বেশি মারমুখী অবস্থান নিয়েছে।
পশ্চিমা কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, মার্চ মাসের শেষ দিকে সৌদি বিমান বাহিনী ইরানের ভেতরে গোপন হামলাগুলো পরিচালনা করে। একজন কর্মকর্তা এই অভিযানকে ‘ইট মারলে পাটকেল খাওয়ার মতো’ ঘটনা বলে অভিহিত করেছেন। কারণ হিসেবে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান যখন সৌদি আরবের বেশ কয়েকটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালায়, ঠিক তখনই পাল্টা জবাব দিতে রিয়াদ এই গোপন মিশন চালায়।
তবে ইরানে সৌদি আরবের এই হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলো কী ছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধ করা হলেও সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি কিছু বলেনি। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সৌদি আরব যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সামরিক মিত্র। রিয়াদ তার ভূখণ্ডে ওয়াশিংটনের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয়, যার বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। তবে চলমান ইরান যুদ্ধ সেই দীর্ঘদিনের নিরাপত্তা নিশ্চয়তাকে এক নাজুক ও অনিশ্চিত পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। এই গোপন হামলার তথ্য ফাঁস হওয়ায় পুরো মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments