Image description

হরমুজ প্রণালির কৌশলগত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরাহ উপকূল থেকে একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে অজ্ঞাত ব্যক্তিরা। বর্তমানে জাহাজটিকে ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে বৃহস্পতিবার (১৪ মে) জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম এজেন্সি (ইউকেএমটিও)।

সংস্থাটি জানিয়েছে, ফুজাইরাহ উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে নোঙর করা অবস্থায় জাহাজটি জব্দ করা হয়। এরপর সেটির গতিপথ বদলে ইরানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে জাহাজটি কোন দেশের বা সেটিতে কতজন আরোহী রয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরীয় অঞ্চল উত্তপ্ত হয়ে আছে। সাম্প্রতিক যুদ্ধবিরতি ঘোষণার পরও এই অঞ্চলে অস্থিরতা কমেনি। ইরান বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে রেখেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোর ওপর কড়া নৌ-অবরোধ আরোপ করে রেখেছে। যুদ্ধের আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি এই রুট দিয়ে পরিবহন করা হতো, যা এখন স্থবির হয়ে পড়েছে।

এর আগে গত রোববার দক্ষিণ কোরিয়া তাদের একটি কার্গো জাহাজে হামলার খবর জানিয়েছিল। কাতার পরে নিশ্চিত করে যে, আমিরাত থেকে তাদের জলসীমায় প্রবেশের সময় ওই জাহাজে ড্রোন হামলা চালানো হয়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালি পুনরুদ্ধারে বড় ধরনের সামরিক অভিযানের হুমকি দিলেও শেষ পর্যন্ত পিছু হটেন। সৌদি আরব ও বাহরাইন তাদের আকাশসীমা এবং সামরিক ঘাঁটি মার্কিন বাহিনীর জন্য ব্যবহারের অনুমতি না দেওয়ায় ট্রাম্পের সেই পরিকল্পনা ভেস্তে যায়। যদিও পরবর্তীতে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কারণে তিনি অভিযান স্থগিত করেছেন।

বিশ্লেষকরা মনে করছেন, আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দের এই ঘটনা মধ্যপ্রাচ্যের নাজুক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্র: এএফপি

মানবকণ্ঠ/আরআই