Image description

গত বছর বিদেশ সফরের সময় বিমানের সিঁড়ি দিয়ে নামার মুহূর্তে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁর ধাক্কা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। ক্যামেরায় ধরা পড়া সেই ‘ধাক্কা’ অনেকটা চড়ের মতো মনে হওয়ায় বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। দীর্ঘ সময় পর সেই চাঞ্চল্যকর ‘চড়কাণ্ডের’ নেপথ্যের আসল কারণ ফাঁস হয়েছে সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে।

ফরাসি সাংবাদিক ফ্লোরিয়ান তারদিফের লেখা ‘অ্যান (অলমোস্ট) পারফেক্ট কাপল’ (An (Almost) Perfect Couple) নামক বইয়ে দাবি করা হয়েছে, ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানির সঙ্গে ম্যাক্রোঁর ঘনিষ্ঠ বার্তা আদান-প্রদানের বিষয়টি জানতে পেরেই এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ফার্স্ট লেডি ব্রিজিত।

গত বুধবার (১৩ মে) প্রকাশিত এই বইটিতে উল্লেখ করা হয়, ৪৮ বছর বয়সী ম্যাক্রোঁ এবং ৪২ বছর বয়সী ফারাহানির মধ্যে কয়েক মাস ধরে একটি ‘প্লেটোনিক সম্পর্ক’ বা মানসিক ঘনিষ্ঠতা ছিল। সাংবাদিক তারদিফ আরটিএল রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, তাদের মধ্যে বিনিময় হওয়া কিছু বার্তা ‘অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল’।

বইটির তথ্য অনুযায়ী, একটি বার্তায় অভিনেত্রী ফারাহানি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে লিখেছিলেন, ‘আপনাকে আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়।’ প্রতিউত্তরে ম্যাক্রোঁ লিখেছিলেন, ‘আমিও আপনাকে খুব সুন্দর মনে করি।’ বিমানের ভেতরে এসব বার্তার কথা জানতে পেরে ব্রিজিত ম্যাক্রোঁ মেজাজ হারিয়ে ফেলেন এবং নামার সময় সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

যদিও গত বছর ভিয়েতনাম সফরের সময় ঘটে যাওয়া ওই ঘটনার পর ম্যাক্রোঁ দম্পতি দাবি করেছিলেন, তারা স্রেফ ‘মজা করছিলেন’। বর্তমানে নতুন এই বইয়ের দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন ফার্স্ট লেডির ঘনিষ্ঠরা। প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ থেকেও ইতিপূর্বে বিষয়টিকে ‘ভুয়া খবর’ বলে অভিহিত করা হয়েছিল।

অন্যদিকে, অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানিও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে নতুন এই বইয়ের প্রকাশ ফরাসি প্রেসিডেন্টের ব্যক্তিগত জীবন নিয়ে আন্তর্জাতিক মহলে আবারও নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে।

মানবকণ্ঠ/ডিআর