Image description

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজ ‘অজ্ঞাত ব্যক্তিদের’ দ্বারা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সমুদ্র চলাচল বিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। 

বৃহস্পতিবার (১৪ মে) জাহাজটিকে বর্তমানে ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে ইউকেএমটিও জানায়, ফুজাইরাহর উত্তর-পূর্বে প্রায় ৩৮ নটিক্যাল মাইল দূরে এই ঘটনাটি ঘটেছে। জাহাজটির কোম্পানি সিকিউরিটি অফিসার জানিয়েছেন, নোঙর করা অবস্থায় থাকা জাহাজটি কিছু ‘অননুমোদিত ব্যক্তি’ দ্বারা দখল করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমার দিকে অগ্রসর হচ্ছে।

সংস্থাটি আরও জানিয়েছে, তারা ঘটনাটির নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে। ওই এলাকায় চলাচলরত অন্যান্য জাহাজকে সতর্ক থাকার এবং যেকোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে অবিলম্বে রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে জব্দকৃত জাহাজটির পরিচয় কিংবা এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলসহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায় এবং বিশ্ব জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালি’ বন্ধ করে দেয়।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে স্থায়ী কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয় সেই আলোচনা। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এককভাবে সেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছিলেন। এর মধ্যেই আমিরাত উপকূলে জাহাজ জব্দের এই ঘটনা নতুন করে উত্তেজনার সৃষ্টি করল।

মানবকণ্ঠ/ডিআর