Image description

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইতালি সফর এবং দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তার ‘মেলোডি’ মুহূর্ত নিয়ে এবার তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ইতালিতে মোদির টফি উপহার দেওয়া এবং মেলোনির সেই ভিডিও শেয়ার করাকে দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ‘প্রহসন’ বলে অভিহিত করেছেন তিনি।

ঘটনার সূত্রপাত ইতালিতে মোদির সফরকালে। সেখানে প্রধানমন্ত্রী মোদি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ভারতীয় ব্র্যান্ডের ‘মেলোডি’ চকোলেট উপহার দেন। মেলোনি সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে লিখেন, ‘উপহারের জন্য ধন্যবাদ বন্ধু।’ ভিডিওতে মেলোনিকে হাসিমুখে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য একটি চমৎকার উপহার এনেছেন, এটি মেলোডি।’

ভাইরাল হওয়া এই ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন ব্যাপক আলোচনা চলছে, তখনই কড়া সমালোচনা করেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, ভারতের সাধারণ মানুষ যখন সীমাহীন দুর্ভোগে আছে, তখন প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে আনন্দ-উৎসবে মেতেছেন।

রাহুল গান্ধী বলেন, ‘দেশে যখন ভয়াবহ অর্থনৈতিক ঝড় বইছে, তখন প্রধানমন্ত্রী ইতালিতে টফি বিলি করতে ব্যস্ত। ভারতের কৃষক, তরুণ, নারী, শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা যখন যন্ত্রণায় কাঁদছেন, প্রধানমন্ত্রী তখন হাসিমুখে রিল (ভিডিও) বানাচ্ছেন। আর বিজেপির লোকেরা সেই রিল দেখে হাততালি দিচ্ছে। এটি নেতৃত্ব নয়, এটি স্রেফ একটি প্রহসন।’

উল্লেখ্য, নরেন্দ্র মোদি এবং জর্জিয়া মেলোনির নাম মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মেলোডি’ (Meloni + Modi) শব্দটি আগে থেকেই বেশ জনপ্রিয়। গত বছর দুবাইতে কোপ-২৮ (COP28) সম্মেলনে মেলোনি প্রথম এই শব্দটি ব্যবহার করেন। এরপর থেকেই দুই রাষ্ট্রপ্রধানের বন্ধুত্বপূর্ণ সাক্ষাতের মুহূর্তগুলো ‘মেলোডি’ হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল হয়ে আসছে।

মানবকণ্ঠ/আরআই