Image description

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও ইসলামাবাদজুড়ে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত একজন নিহত ও আহত হয়েছেন আরও ১১ জন।

মঙ্গলবার সন্ধ্যায় ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পে জেলাম জেলার জালালপুর শরিফ এলাকায় একটি বাড়ি ধসে ১৩ বছর বয়সি এক কিশোরের মৃত্যু হয়েছে। আরও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি পিন্ড দাদান খান ও আশপাশের এলাকায় একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

ডেপুটি কমিশনার জানান, পুলিশ, উদ্ধারকারী দল এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং এলাকায় আরও অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে।

ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ১২ কিলোমিটার এবং এর উৎপত্তিস্থল ছিল জেলাম থেকে প্রায় ৫৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে (অক্ষাংশ ৩২.৫৯° উত্তর ও দ্রাঘিমাংশ ৭৩.২৩° পূর্ব)।

এই কম্পন ইসলামাবাদ, লাহোর, গুজরানওয়ালা, ওকারা, শেখুপুরা, মান্দি বাহাউদ্দিনসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

সূত্র: ডন, জিও নিউজ