পাচার হওয়া কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক, যুক্তরাষ্ট্রে ভারতীয় যুবকের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরে এক নাবালিকাকে যৌন নিপীড়নের জন্য মানব পাচারকারীদের অর্থ প্রদানের দায়ে কাভানকুমার প্যাটেল (২৭) নামে এক ভারতীয় নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্যাটেল ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, কাভানকুমার প্যাটেল ওমাহা শহরের ‘আমেরিকইন’ (AmericInn) হোটেলের কর্মচারী হিসেবে কাজ করতেন। ২০২৫ সালের ৬ জানুয়ারি পুলিশ ওই হোটেলে একটি চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে ভয়াবহ এক যৌন পাচার চক্রের সন্ধান পায়। সেখান থেকে ১৫ ও ১৬ বছর বয়সী দুই নাবালিকাকে উদ্ধার করে হোমল্যান্ড সিকিউরিটি টাস্ক ফোর্স এবং ওমাহা পুলিশ বিভাগ।
নেব্রাস্কার মার্কিন অ্যাটর্নি অফিসের বিবৃতিতে জানানো হয়েছে, পাচারকারীরা ওই নাবালিকাদের অন্য রাজ্য থেকে ওমাহাতে নিয়ে এসেছিল। হোটেলে কম ভাড়ায় থাকতে দেওয়ার বিনিময়ে নাবালিকাদের বাধ্য করা হতো হোটেলের কর্মচারীদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে। পাচারকারীরা তাদের হুমকি দিয়েছিল যে, এই শর্ত না মানলে তাদের হোটেল থেকে বের করে দেওয়া হবে।
প্যাটেল আদালতে স্বীকার করেছেন যে, তিনি হোটেলের ড্রয়ার থেকে টাকা নিয়ে পাচারকারীদের দিয়েছিলেন যেন তিনি একটি নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে পারেন। বিনিময়ে পাচারকারীরা ওই নাবালিকাদের বেশ কয়েকদিন হোটেলে থাকার অনুমতি পেত।
উদ্ধার হওয়া নাবালিকারা জানিয়েছে, তাদের পর্যাপ্ত খাবার দেওয়া হতো না এবং পাচারকারীরা তাদের দিয়ে বাণিজ্যিক যৌনকর্ম করানোর জন্য অনলাইনে বিজ্ঞাপন দিত। পাচারকারীদের নির্দেশ মানা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না।
এই ঘটনায় কেবল প্যাটেলই নন, আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত পাচারকারীরা হলেন—এদুয়ার্দো হোসে পেরদোমো, মিশেল মার্তিনেজ-গোনজালেজ এবং আলফ্রেদো জামব্রানো-হুর্তাদো।
এছাড়া প্যাটেলের পাশাপাশি হোটেলের আরও দুই ভারতীয় বংশোদ্ভূত কর্মচারী সুমিত চৌধুরী ও বিশাল গোস্বামীর বিরুদ্ধেও পাচারকারীদের সহায়তা ও যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।
সূত্র: এনডিটিভি




Comments