Image description

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি শক্তিশালী হওয়ার খবরের ইতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে নতুন কূটনৈতিক সমাধানের আশা জাগায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে।

বুধবার (৩ জুন) লেনদেনের একপর্যায়ে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট বা ০.৬৯ শতাংশ কমে ৯৭.১৪ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬২ সেন্ট বা ০.৬৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৫.৪০ ডলারে দাঁড়ায়।

সংবাদ সংস্থা আল জাজিরা জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসানে বৃহত্তর কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে লেবানন ও ইসরায়েলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। এই চুক্তির আওতায় হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে তাদের যোদ্ধা সরিয়ে নেবে এবং লেবাননের সশস্ত্র বাহিনী ওই অঞ্চলের একক নিয়ন্ত্রণ গ্রহণ করবে।

এদিকে মার্কিন রাজনীতিতেও বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। ওয়াশিংটনের প্রতিনিধি পরিষদ এমন একটি প্রস্তাব পাস করেছে যার মাধ্যমে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা সীমিত করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প চলতি সপ্তাহান্তেই ইরানের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতির ইঙ্গিত দিলেও তেহরান এ বিষয়ে এখনও যথেষ্ট সতর্ক।

আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই শান্তি চুক্তি স্থায়ী হয় এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথগুলো পুনরায় জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, তবে তেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং দাম আরও কমবে। তবে দীর্ঘমেয়াদী অস্থিরতার কারণে বাজার পুনরায় স্থিতিশীল হতে ঠিক কত সময় লাগবে, তা এখনও অনিশ্চিত।

মানবকণ্ঠ/আরআই