Image description

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আরও অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৪৯ জন। 

শনিবার (৬ জুন) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টার এই প্রাণহানির মধ্যে দুজন সরাসরি সাম্প্রতিক হামলায় নিহত হয়েছেন। এছাড়া একজন আগে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং অন্য একজনের মরদেহ দীর্ঘ সময় পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, গাজার বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন। ইসরায়েলি বাহিনীর ক্রমাগত হামলা ও বাধার কারণে অ্যাম্বুলেন্স এবং বেসামরিক প্রতিরক্ষা দলগুলো এসব ভুক্তভোগীদের কাছে পৌঁছাতে পারছে না। ফলে নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১১ অক্টোবর তথাকথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় মোট ৯৫১ জন নিহত এবং ২ হাজার ৯৮৪ জন আহত হওয়ার খবর নথিভুক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে ধ্বংসস্তূপ ও বিভিন্ন স্থান থেকে সর্বমোট ৭৮২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

গাজায় মানবিক পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় খোলা আকাশের নিচে এবং ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা মরদেহগুলো পচে গিয়ে স্বাস্থ্যঝুঁকি তৈরির আশঙ্কাও দেখা দিচ্ছে। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বানের মধ্যেই গাজায় এই অব্যাহত রক্তপাত চলছে।