Image description

সৌদি আরবে অবৈধভাবে বসবাসকারী ও আইন লঙ্ঘনকারী প্রবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত এক সপ্তাহে আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে দেশজুড়ে ৭ হাজার ৭৬০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৭ জুন) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে গালফ নিউজ।

গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত চালানো এই বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ হাজার ৬০ জন আবাসন আইন, ২ হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ১২৬ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ৭০ শতাংশ ইথিওপিয়ান, ২৮ শতাংশ ইয়েমেনি এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ হাজার ৬৯০ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে ২১ হাজার ৭৭৪ জন প্রবাসী (২০,৪৫৫ জন পুরুষ এবং ১,৩১৯ জন নারী) আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এছাড়া ভ্রমণ নথি সংগ্রহের জন্য ১৪ হাজার ৪৯৫ জনকে তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কোনো ব্যক্তিকে অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তা করলে বা আশ্রয় দিলে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার সম্মুখীন হতে হবে।

সৌদি আরব সরকার নিয়মিতভাবে এই ধরনের অভিযান পরিচালনা করছে যাতে দেশটিতে আইন শৃঙ্খলার কঠোর প্রয়োগ নিশ্চিত করা যায়। বর্তমানে প্রায় সাড়ে তিন কোটি মানুষের এই দেশে কয়েক লাখ অভিবাসী শ্রমিক কর্মরত রয়েছেন।

সূত্র: গালফ নিউজ।

মানবকন্ঠ/আরআই