Image description

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তি ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য পতন ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির ঘোষণা দেওয়ার পরপরই তেলের দাম প্রায় ৪ শতাংশ পর্যন্ত কমে যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট ক্রুড তেলের দাম কমে ব্যারেলপ্রতি প্রায় ৩ দশমিক ৯ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে প্রায় ৮৪ ডলারে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও প্রায় ৪ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮১ ডলারে নেমে এসেছে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের চুক্তি সম্পন্ন হয়েছে এবং আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে তা স্বাক্ষরিত হবে।

এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করে। বাজার বিশ্লেষকদের মতে, গত কয়েক মাসের মধ্যে এটি অন্যতম বড় মূল্যপতন, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।

জ্বালানি বিশ্লেষকরা জানিয়েছেন, গত ৪ মার্চের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছে। তাদের মতে, সরবরাহ শৃঙ্খলা ও ভূরাজনৈতিক উত্তেজনা কমার সম্ভাবনা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, বাজার পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। র‌্যাপিডান এনার্জির প্রেসিডেন্ট বব ম্যাকনেলি বলেন, যুদ্ধ শুরুর পর তেলের দাম ৭০ ডলার থেকে বেড়ে ১০০ ডলারেরও বেশি হয়েছিল। সাম্প্রতিক পতন ইতিবাচক হলেও হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত না হওয়া পর্যন্ত বাজার সম্পূর্ণ স্থিতিশীল হবে না।

বিশেষজ্ঞদের মতে, চুক্তি বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে আগামী দিনে তেলের বাজার আরও নিয়ন্ত্রণে আসতে পারে।

মানবকণ্ঠ/আরআই