Image description

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ১৪ দফা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে পারে এবং তিনি নিজেও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।

প্রকাশিত নথি অনুযায়ী, উভয় পক্ষ অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতি, একে অপরের সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং ভবিষ্যতে সামরিক সংঘাত এড়িয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছে। চুক্তিতে হরমুজ প্রণালি ও আঞ্চলিক সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা, যুক্তরাষ্ট্রের নৌঅবরোধ প্রত্যাহার এবং অঞ্চলে সামরিক উপস্থিতি কমানোর বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া ইরানের অর্থনৈতিক পুনর্গঠনে অন্তত ৩০০ বিলিয়ন ডলারের সহায়তা পরিকল্পনা, ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার, অবরুদ্ধ তহবিল ব্যবহারের সুযোগ এবং তেল রপ্তানিতে ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

পারমাণবিক ইস্যুতে ইরান পুনর্ব্যক্ত করেছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না। একই সঙ্গে আইএইএর তত্ত্বাবধানে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনায় সম্মত হয়েছে দুই দেশ।

চুক্তির বাস্তবায়ন তদারকির জন্য একটি যৌথ নির্বাহী ব্যবস্থা গঠনের কথাও বলা হয়েছে। চূড়ান্ত চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদনের পরিকল্পনা রয়েছে।

মানবকণ্ঠ/আরআই