ইরান-সংশ্লিষ্ট তেল ও জ্বালানি পণ্যের লেনদেনে ৬০ দিনের জন্য একটি সাধারণ লাইসেন্স জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। নতুন এই সিদ্ধান্তের ফলে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানি উৎসের অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন, সরবরাহ ও বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট পরিসরে অনুমোদন কার্যকর থাকবে।
সোমবার (২২ জুন) প্রকাশিত এক ঘোষণায় মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে ইরানি তেল ও জ্বালানি খাত-সংশ্লিষ্ট লেনদেনের ক্ষেত্রে এই সাধারণ লাইসেন্স প্রযোজ্য হবে।
বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে সুইজারল্যান্ডে দুই পক্ষের মধ্যে চলমান আলোচনায় কিছু অগ্রগতির ইঙ্গিত মিলেছে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, আলোচনার ধারাবাহিকতায় ইরান কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে অবাধ ও নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া।
তিনি বলেন, গঠনমূলক আলোচনার অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখেই যুক্তরাষ্ট্র ইরানের তেল ও জ্বালানি খাতে কিছু লেনদেনের ওপর সাময়িক অনুমোদন দিয়েছে।
বিশ্ব জ্বালানি বাজারে ইরান অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশ। ফলে মার্কিন ট্রেজারির এই সিদ্ধান্ত আন্তর্জাতিক তেলবাজার, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্কের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
আগামী ২১ আগস্ট পর্যন্ত এই লাইসেন্স কার্যকর থাকবে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে যুক্তরাষ্ট্র।
সূত্র: আল-জাজিরা




Comments