যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনার পর এক বড় ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ এখন থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরান পরিচালনা করবে।
মঙ্গলবার (২৩ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া সংঘাত বন্ধের লক্ষ্যে সুইজারল্যান্ডের বার্গেনস্টক অবকাশকেন্দ্রে গত রোববার দুই পক্ষের মধ্যে প্রথম দফার উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়।
আলোচনা শেষে দেশে ফিরে গালিবাফ বলেন, ‘হরমুজ প্রণালি আর কখনো যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরবে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি এখন থেকে ইরানের মাধ্যমেই পরিচালিত হবে।’ তিনি এই সফরকে অত্যন্ত সফল বলে দাবি করেছেন। বিশেষ করে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা, লেবানন পরিস্থিতি, তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা মওকুফ এবং আটকে থাকা ইরানি তহবিল ছাড়ের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে তিনি জানান।
মধ্যস্থতাকারীদের তথ্য অনুযায়ী, এই আলোচনার পর গুরুত্বপূর্ণ নৌপথটি সচল রাখা এবং লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহ লড়াই বন্ধের বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সার্বক্ষণিক যোগাযোগ লাইন (হটলাইন) স্থাপনে সম্মত হয়েছে।
বৈঠকের পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, তেহরান তাদের দেশে জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের আবারও ফিরে আসার অনুমতি দেবে। এর পরপরই গতকাল সাময়িকভাবে ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করে ওয়াশিংটন। চুক্তির অংশ হিসেবে তেহরান নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা থেকে ছাড় পাবে এবং তাদের আটকে থাকা সম্পদ অবমুক্ত করা হবে।
উল্লেখ্য, যুদ্ধ শুরুর পরপরই ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল। তবে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতা হওয়ার পর গত সপ্তাহে এটি আবার খুলে দেওয়া হয়। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর মতে, সমঝোতা চুক্তির পর গতকাল থেকে এই নৌপথ দিয়ে আগের চেয়ে দ্রুতগতিতে বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments