Image description

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও যুদ্ধ পরিস্থিতির জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির শীর্ষ পরমাণু আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে তিনি দাবি করেছেন, চলমান যুদ্ধের ফলে ওই অঞ্চলে ওয়াশিংটনের দীর্ঘদিনের একক আধিপত্য বা ‘হেজেমনি’ ভেঙে পড়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের এর বরাতে এ তথ্য জানা গেছে।

তুরস্কের সংসদীয় স্পিকারের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে গালিবাফ মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান বাস্তবতায় মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক মেলবন্ধন ও ঐক্য বজায় রাখা আর শুধু একটি পছন্দের বিষয় নয়, বরং এটি একটি অপরিহার্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

গালিবাফ বলেন, পশ্চিমা শক্তির ওপর নির্ভরশীল না হয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিজেদের সক্ষমতার ভিত্তিতে নতুন আঞ্চলিক ব্যবস্থা ও নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে। তার মতে, চলমান সংঘাতের পর সৃষ্ট নতুন বৈশ্বিক বাস্তবতায় মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থানই মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইরানের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় জোরদার করা এখন সময়ের দাবি। তিনি আশা প্রকাশ করেন, মুসলিম দেশগুলোর সম্মিলিত উদ্যোগ অঞ্চলের সংকট নিরসন এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে।