Image description

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে ক্ষতি ও প্রাণহানির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটির জাতীয় সংসদের সভাপতির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৩০ জনে। এছাড়া এই বিপর্যয়কর ঘটনায় অন্তত তিন হাজার ২৩৮ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৬৮ হাজার ৯০০ মানুষ।

এদিকে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) প্রাথমিক অনুমানের ভিত্তিতে জানিয়েছে, গত বুধবারের এই বিধ্বংসী ভূমিকম্পে দেশের প্রায় ৬৭.৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।

আইওএম-এর পূর্বাভাস অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এই বিশাল জনসংখ্যার মধ্যে কেবল রাজধানী কারাকাসেরই প্রায় ২০ লাখ মানুষ অন্তর্ভুক্ত রয়েছে। ক্ষতির মূল্যায়ন প্রক্রিয়া এখনো চলমান থাকায় মানবিক সংকটের এই ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠছে। প্রাথমিক স্যাটেলাইট বিশ্লেষণ উল্লেখ করে সংস্থাটি জানিয়েছে, উপকূলীয় শহর কাতিয়া লা মার-এর প্রায় ৩১.৫ শতাং ভবন ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইওএম-এর মহাপরিচালক অ্যামি পোপ বলেন, একটি দুর্যোগের পরের প্রথম কয়েক ঘণ্টা এবং দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পরবর্তী সবকিছুকে রূপ দেয়।

বিপর্যয় মোকাবিলায় আইওএম দ্রুতগতিতে তাদের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম প্রসারিত করছে। কারাকাসে আগে থেকে মজুত রাখা জরুরি ত্রাণ সামগ্রী ইতোমধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিতরণ শুরু হয়েছে। জরুরি আশ্রয়, অত্যাবশ্যকীয় সামগ্রী এবং সুরক্ষা নিশ্চিত করতে তারা ভেনেজুয়েলা সরকার ও অন্যান্য অংশীদারদের সাথে যৌথভাবে কাজ করছে। ঘরবাড়ি হারিয়ে বহু মানুষ নিরাপত্তার খোঁজে চলায় দেশে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যাপক আকারে বাড়ার আশঙ্কা করা হচ্ছে।