নিরাপত্তাজনিত কারণে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেবেন না তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসরাইলের অব্যাহত নিরাপত্তা হুমকির কারণেই মোজতবা খামেনি রাষ্ট্রীয় জানাজায় উপস্থিত থাকবেন না।
তিনি বলেন, সম্প্রতি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ খামেনিকে লক্ষ্য করে কঠোর হুমকি দিয়েছেন। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে এ ধরনের হুমকির জবাব দেওয়া হবে ‘শক্তিশালী প্রতিক্রিয়ার’ মাধ্যমে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রথম দিন নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। নিরাপত্তা পরিস্থিতির কারণে তার রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠান কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়।
ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন হবে। এ উপলক্ষে রাজধানী তেহরানসহ দেশজুড়ে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজনে প্রায় ৯০টির বেশি দেশের প্রতিনিধি ও প্রায় ১৪ হাজার সাংবাদিক উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম পার্সটুডের তথ্য অনুযায়ী, ৪ ও ৫ জুলাই তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় শেষ বিদায় ও জানাজা অনুষ্ঠিত হবে। ৬ জুলাই রাজধানীতে প্রধান শোকযাত্রার পর ৮ জুলাই মরদেহ ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হবে। এরপর ৯ জুলাই ইরানের মাশহাদে হযরত ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।




Comments