Image description

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের ছয় দিনব্যাপী আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে তেহরানে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয় বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

খবরে বলা হয়েছে, তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে খামেনির মরদেহ পৌঁছানোর আগেই সেখানে হাজার হাজার শোকাহত মানুষ সমবেত হন। তাদের হাতে ছিল প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত ‘লাল পতাকা’। এ সময় মোসাল্লা প্রাঙ্গণ ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।

ইরানের পাশাপাশি খামেনির শেষ বিদায়ের শোক শোভাযাত্রা প্রতিবেশী দেশ ইরাকেও অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে।

এই বিশাল জানাজা ও বিদায় অনুষ্ঠান উপলক্ষে রাজধানী তেহরানজুড়ে কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যান চলাচল বন্ধ থাকায় অনেক মানুষকে কয়েক কিলোমিটার হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মেট্রো স্টেশনগুলোতে হাজার হাজার মানুষ ট্রেনের অপেক্ষায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন।

বিশাল এই জনসমাগম সামাল দিতে এবং নিরাপত্তা নিশ্চিতে তেহরানজুড়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে দেশটির নিরাপত্তা বাহিনী।

মানবকণ্ঠ/ডিআর