ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার নামাজ। আজ রবিবার স্থানীয় সময় সকাল ৮টায় জানাজা অনুষ্ঠিত হয়।
ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি। জানাজায় যোগ দিয়েছেন লাখ লাখ ইরানি।
দেশটির সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, আজকের এই জানাজার নামাজ মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রথম ধাপের জানাজাটি পড়া হয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য।
দ্বিতীয় ধাপে সাইয়্যেদাহ বুশরা হোসাইনি খামেনি, শহীদ মেসবাহ আল-হোদা বাঘেরি এবং শহীদ জাহরা হাদ্দাদ আদেলের জানাজা অনুষ্ঠিত হয়। আর তৃতীয় ধাপের জানাজাটি পড়া হয় শহীদ নেতার শিশু নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়েগানির জন্য।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনকে ঘিরে গত শুক্রবার থেকে তেহরানে নজিরবিহীন আয়োজন শুরু হয়।
শুক্রবার গ্র্যান্ড মোসাল্লা মসজিদে রাখা হয় খামেনির কফিন। সেখানে কূটনীতিক ও বিদেশি অতিথিরা শ্রদ্ধা জানান। শনিবার জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের গ্র্যান্ড মোসাল্লার সব দরজা খুলে দেওয়া হয়। রবিবার তেহরানে জানাজা শেষে সোমবার রাজধানীর প্রধান সড়কগুলোয় অনুষ্ঠিত হবে বিশাল শোকযাত্রা।
পরদিন মঙ্গলবার মরদেহ নেওয়া হবে পবিত্র নগরী কোমে। বুধবার কর্মসূচি সীমান্ত পেরিয়ে ইরাকের নাজাফ ও কারবালায় পৌঁছাবে। এরপর বৃহস্পতিবার খামেনির জন্মস্থান মাশহাদে ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে।
সূত্র : প্রেস টিভি
মানবকণ্ঠ/এমআর




Comments