পশ্চিমবঙ্গের কালীঘাটে একটি রাজনৈতিক মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে এক ব্যক্তিকে চড় মারার ঘটনাকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র কালীঘাটের বাড়ির সামনে। তবে তিনি কাকে চড় মেরেছেন, তার পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
বারুইপুরে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে বুধবার কালীঘাট তৃণমূলের উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয়। আদালতের অনুমতি নিয়ে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল হওয়ার কথা ছিল। মিছিল শুরু হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তৃণমূলের অভিযোগ, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র কর্মীরা মিছিলের পথ আটকে বিক্ষোভ ও স্লোগান দেন। পাল্টা স্লোগানে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা সৃষ্টি হয়।
এ সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভিড়ের মধ্যে অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণের জন্য সামনে এগিয়ে আসছিলেন। একপর্যায়ে তিনি একজন ব্যক্তিকে সপাটে চড় মারেন। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর মমতা অভিযোগ করেন, আদালতের অনুমতি থাকা সত্ত্বেও তাদের মিছিলে বাধা দেওয়া হয়েছে। তার দাবি, এটি পূর্বপরিকল্পিত হামলা এবং এতে তার দলের কর্মীরা আক্রান্ত হয়েছেন। তিনি আদালতের নির্দেশ কার্যকর না হওয়ার অভিযোগ তুলে আদালত অবমাননার মামলা করারও ঘোষণা দেন।
তিনি আরও অভিযোগ করেন, তার বাড়ির সামনেও বিরোধী দলের সমর্থকেরা জড়ো হয়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেছেন এবং পুরো ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
অন্যদিকে বিজেপি মমতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দলের নেতা ও সংসদ সদস্য সুকান্ত মজুমদার বলেন, ক্ষমতা হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় এমন আচরণ করছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও তীব্র সমালোচনা করে বলেন, গণতান্ত্রিক দেশে সবাই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের অধিকার রাখে। তার দাবি, জনসমর্থন হারিয়ে তৃণমূল নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরির চেষ্টা করছে।
এদিকে সংঘর্ষের সময় কয়েকজনকে মারধরের অভিযোগও উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একজন ব্যক্তিকে একটি গাড়ির ওপর ফেলে মারধরের দৃশ্য দেখা গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে পাল্টাপাল্টি অভিযোগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন আরও উত্তপ্ত হয়ে উঠেছে।




Comments