Image description

ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে মিসাইল হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও)। মঙ্গলবার (২১ জুলাই) সংস্থাটি এ তথ্য প্রকাশ করে।

ইউকেএমটিও এক বিবৃতিতে জানায়, ওমানের লিমা উপকূল থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে এ হামলার ঘটনা ঘটে। দক্ষিণমুখী রুট দিয়ে অতিক্রম করার সময় একটি মিসাইল ট্যাংকারটিতে আঘাত হানে। হামলার পর জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও পরিস্থিতি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এ কৌশলগত নৌপথের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে পাল্টাপাল্টি পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় তারা দুটি ‘অবাধ্য’ তেলবাহী ট্যাংকারকে থামিয়েছে।

গত দুই সপ্তাহে হরমুজ প্রণালিতে একাধিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। ইরানের অবস্থান, তাদের নির্ধারিত নিয়ম মেনে চলাচল না করলে কোনো নৌযানকে এ পথ ব্যবহার করতে দেওয়া হবে না। অন্যদিকে, যুক্তরাষ্ট্র বলছে, আন্তর্জাতিক নৌপথ হিসেবে হরমুজ প্রণালিতে সব বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করা হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলমান এ উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক নৌবাণিজ্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: এএফপি