Image description

ভারত-যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লিমুখী হয়েছেন পাঞ্জাব, হরিয়ানা ও কয়েকটি রাজ্যের হাজারো কৃষক। ‘দেশ বাঁচাও মোর্চা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে তারা ট্রাক্টর নিয়ে রাজধানীর উদ্দেশে যাত্রা শুরু করেন। তবে দিল্লির উপকণ্ঠে শামভু সীমান্তে পুলিশ তাদের আটকে দেয়।

কৃষকদের পরিকল্পনা ছিল দিল্লির কিষাণ ঘাটে সমাবেশ করে বাণিজ্য চুক্তির বিরুদ্ধে অবস্থান জানানো। কয়েক বছর আগে কৃষি আইনবিরোধী ঐতিহাসিক আন্দোলনের মতো এবারও ট্রাক্টর বহর নিয়ে রাজধানীর দিকে যাত্রা শুরু করায় সেই আন্দোলনের স্মৃতি ফিরে আসে।

পুলিশি বাধার পর হরিয়ানার কৃষিমন্ত্রীর সঙ্গে কৃষক প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের পক্ষ থেকে আলোচনার আশ্বাস দেওয়া হলে কৃষক নেতারা আপাতত কর্মসূচি স্থগিত করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ইতোমধ্যে অনেক কৃষক নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন।

আন্দোলনকারীদের আশঙ্কা, ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি কার্যকর হলে দেশের কৃষি, দুগ্ধশিল্প এবং কৃষিনির্ভর অন্যান্য খাত নেতিবাচক প্রভাবের মুখে পড়বে। তাদের দাবি, এ ধরনের চুক্তি কৃষকদের স্বার্থের পরিপন্থী হতে পারে।

অন্যদিকে ভারত সরকার বলছে, প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তিতে কৃষকসহ দেশের কোনো শ্রেণি-পেশার মানুষের স্বার্থ ক্ষুণ্ন হবে না।

এদিকে ‘দেশ বাঁচাও মোর্চা’ সরকারের কাছে চুক্তি-সংক্রান্ত সব নথি প্রকাশের দাবি জানিয়েছে। একই সঙ্গে কৃষক, শ্রমিক, দুগ্ধ উৎপাদক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনা ছাড়া কোনো বাণিজ্য চুক্তি স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সূত্র: বিবিসি