Image description

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানায় এমভি বারিমা নামের একটি ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে পৌঁছেছে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস।

প্রধানমন্ত্রী জানান, গত শনিবার গভীর রাতে ফেরিটি উল্টে যাওয়ার পর এখন পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধান ও উদ্ধার অভিযানে জোরদার তৎপরতা চলছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে বর্তমানে ১৬টি নৌযান উদ্ধারকাজে অংশ নিচ্ছে। এ ছাড়া অনুসন্ধান এলাকা আরও ৪০০ বর্গমাইল (প্রায় ১,০৩৬ বর্গকিলোমিটার) বাড়িয়ে বারিমা-ওয়াইনি অঞ্চলের ওয়াইনি পয়েন্ট পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। এটি ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন আটলান্টিক মহাসাগরের মোহনায় অবস্থিত একটি উপকূলীয় এলাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস বলেন, এখন আমাদের প্রধান লক্ষ্য নিখোঁজদের খুঁজে বের করা। আমরা এখনো আশা ছাড়িনি।

দুর্ঘটনার পর যাত্রীর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছিল। আগে যাত্রী তালিকায় ১৩৩ জনের নাম থাকলেও পরে সরকার নিশ্চিত করে, ফেরিটিতে মোট ১৭৯ জন ছিলেন।

উদ্ধার অভিযানে স্থানীয় জেলেদের পাশাপাশি ফরাসি গায়ানা থেকে পাঠানো ফরাসি সেনাবাহিনীর ১২ জন ডুবুরি, দুজন চিকিৎসক ও একজন প্রকৌশলী অংশ নিয়েছেন।

এদিকে দুর্ঘটনার পর ফেরিটির দুই নাবিকের মাদক পরীক্ষায় মারিজুয়ানা সেবনের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মানবকন্ঠ/এমআর