Image description

ফ্রান্সে গত জুন মাসে রেকর্ডভাঙা তাপপ্রবাহের প্রভাবে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ৫ হাজার ৭৬৪ জন মানুষের মৃত্যু হয়েছে। দেশটির জনস্বাস্থ্য সংস্থা সান্তে পাবলিক ফ্রান্স বুধবার (২২ জুলাই) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যমতে, ১৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ১৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এই অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য কর্মকর্তারা একে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে অস্বাভাবিক অতিরিক্ত মৃত্যুহার হিসেবে উল্লেখ করেছেন।

এটি ২০০৩ সালের ভয়াবহ তাপপ্রবাহের পর ফ্রান্সে সর্বোচ্চ অতিরিক্ত মৃত্যুর ঘটনা। সে সময় তীব্র গরমে প্রায় ১৫ হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত মৃত্যুগুলো বিভিন্ন কারণে ঘটলেও এখন পর্যন্ত কোনো মৃত্যুকে সরাসরি তাপপ্রবাহজনিত বলে নিশ্চিত করা হয়নি।

পরিসংখ্যান অনুযায়ী, অতিরিক্ত মৃত্যুর প্রায় দুই-তৃতীয়াংশই ৭৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে ঘটেছে। অন্যদিকে, ৪৫ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে এ হার ছিল এক-পঞ্চমাংশেরও কম।

এছাড়া ২৫ থেকে ২৭ জুন-মাত্র তিন দিনেই মোট অতিরিক্ত মৃত্যুর প্রায় অর্ধেক ঘটে।

ফ্রান্সের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ১৯৪৭ সালে রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর ২০২৬ সালের জুন ছিল দেশটির ইতিহাসের সবচেয়ে উষ্ণ জুন মাস। অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। ২৪ ও ২৫ জুনের গড় তাপমাত্রাও ফ্রান্সের ইতিহাসে বছরের যেকোনো মাসের তুলনায় সর্বোচ্চ ছিল।