ভারতের দিল্লিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের জেরে দায়ের করা বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব এফআইআর (প্রথম তথ্য প্রতিবেদন) প্রত্যাহারে নীতিগতভাবে সম্মত হয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় দুই মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা।
সিজেপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বৈঠক শেষে তারা জানান, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারে সরকার সম্মত হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ এবং পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আলোচনা এখনও চলছে।
এর আগে, জাতীয় মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের ঘটনায় দেশব্যাপী শিক্ষার্থী আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। শনিবার তার পদত্যাগের ঘোষণা প্রকাশের পর দিল্লির যন্তর মন্তরসহ দেশের বিভিন্ন স্থানে উল্লাসে মেতে ওঠেন সিজেপির নেতা-কর্মী, সমর্থক ও আন্দোলনরত শিক্ষার্থীরা।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ আন্দোলনের বড় সাফল্য। তিনি বলেন, ভয় না পেয়ে গণতান্ত্রিকভাবে আন্দোলন করলে ফল পাওয়া যায়। তবে আন্দোলন এখানেই শেষ নয়।
তিনি আরও দাবি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি গত ২০ জুলাই আন্দোলনকারীদের ওপর পুলিশের অভিযানে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
কেন্দ্র সরকার ও সিজেপি নেতাদের যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহারের বিষয়ে সমঝোতা হয়েছে। তবে ক্ষতিপূরণ এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তৃতীয় দফার আলোচনা এখনও অব্যাহত রয়েছে।
এদিকে, জলবায়ু আন্দোলনের কর্মী সোনম ওয়াংচুক শিক্ষামন্ত্রীর পদত্যাগকে গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি সিজেপি ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আন্দোলনকে এখন শিক্ষা ব্যবস্থার সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করার দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।




Comments