Image description

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের বিভিন্ন দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শনিবার তৃতীয় দফায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর নয়াদিল্লির যন্তর-মন্তরে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সিজেপির নেতারা।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে উপস্থিত ছিলেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও অশুতোষ রাঙ্কা।

সৌরভ দাস বলেন, সরকার তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। তাই আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি প্রত্যাহার করে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

অশুতোষ রাঙ্কা বলেন, ৩৬ দিনের আন্দোলনের পর সরকার তাদের সব দাবি মেনে নিতে সম্মত হয়েছে। ফলে আন্দোলন শান্তিপূর্ণভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিজেপির প্রধান দাবিগুলোর মধ্যে ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এ ছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে প্রচলিত বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিয়েছে সরকার।

এর আগে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে আন্দোলনের অন্যতম প্রধান দাবি পূরণ হয়। এরপর সরকার ও সিজেপির মধ্যে ধারাবাহিক আলোচনার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত আসে।

সিজেপি জানিয়েছে, বাকি প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন পর্যালোচনায় আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের সঙ্গে আরও এক দফা বৈঠক অনুষ্ঠিত হবে।