পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা ও কারাদণ্ড এড়াতে টানা আট বছর ধরে নারীর ছদ্মবেশে বসবাস করছিলেন তুরস্কের এক ব্যক্তি। ডাকাতির একটি মামলায় তিন বছরের কারাদণ্ড এড়াতে নিজের চেহারা ও পরিচয় পুরোপুরি বদলে নিজের বোনের পরিচয়ে লুকিয়ে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত পুলিশের কঠোর নজরদারি ও আঙুলের ছাপ পরীক্ষার জাদুকরি প্রযুক্তির কল্যাণে ধরা পড়ে গেছে তাঁর আসল পরিচয়।
তুরস্কের গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির নাম তুঘরুল বাশার। ২০১০ সালে সরকারি কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে তিনটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে আদালতের বিচারে তাঁকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে জেলের ভাত খাওয়া এড়াতে ২০১৮ সাল থেকে সম্পূর্ণ আত্মগোপনে চলে যান বাশার। এরপর থেকেই তাঁকে গ্রেফতারে চিরুনি অভিযান চালিয়ে আসছিল তুর্কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সম্প্রতি ইস্তাম্বুলের অভিজাত কাদিকয় জেলায় পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের ধরতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে বাশারকে আটক করা হয়। তবে দীর্ঘ আট বছর ধরে নিয়মিত মেকআপ ও নারীদের পোশাক-পরিচ্ছদে অভ্যস্ত হয়ে ওঠায় এবং চেহারায় আমূল পরিবর্তন আসায় পুরোনো পুলিশি ছবির সঙ্গে তাঁকে মেলাতে বেশ বেগ পেতে হয় তদন্তকারীদের।
পুলিশের নজরে আসে, বাশারের বোনের বাড়িতে ঠিক একই রকমের ছদ্মবেশে দুই তরুণী নিয়মিত যাতায়াত করছেন। এই বিষয়টি অত্যন্ত সন্দেহজনক মনে হওয়ায় তাদের ওপর কঠোর নজরদারি শুরু করেন গোয়েন্দারা। একপর্যায়ে সন্দেহভাজন ওই নারীর বায়োমেট্রিক ও আঙুলের ছাপ পরীক্ষা করা হলে বেরিয়ে আসে আসল সত্য—নিরাপত্তা বাহিনীকে বোকা বানিয়ে যে নারী হিসেবে এতদিন তিনি বসবাস করছিলেন, তিনিই মূলত পলাতক আসামি তুঘরুল বাশার!
গ্রেপ্তারের সময় বাশারের কাছ থেকে তাঁর বোনের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। তিনি মেকআপ ও নানামুখী ছদ্মবেশের আশ্রয় নিয়েছিলেন, নাকি চিকিৎসাগতভাবে লিঙ্গ পরিবর্তন করেছিলেন—তা নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা চললেও তুরস্কের সিভিল রেজিস্ট্রেশন ব্যবস্থায় নাম বা লিঙ্গ পরিবর্তনের কোনো দাপ্তরিক নথি পাওয়া যায়নি।
ফলে জালিয়াতির সমস্ত পথ বন্ধ হয়ে যাওয়ায় তাঁকে পুরুষ হিসেবেই চিহ্নিত করে সোজা কারাগারে পাঠানো হয়েছে। দীর্ঘ আট বছর ধরে আইনের চোখকে ফাঁকি দিয়ে অভিনব নাটক মঞ্চস্থ করলেও শেষ পর্যন্ত রক্ষা হলো না বাশারের।
ডিআর

