যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের পরাজয়কে নিজেদের কৌশলগত সাফল্য হিসেবে দেখছে ইরানের কট্টরপন্থিরা। তাদের মতে, যুদ্ধের অবসান ঘটাতে হলে ওয়াশিংটনকে আরও বড় ছাড় দিতে হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বাড়িয়ে নতুন বিশ্বব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন দেখছে দেশটির নেতৃত্ব।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কোনো ছাড় না দেওয়ার দাবি আরও জোরালো করেছেন ইরানের প্রভাবশালী রক্ষণশীল নেতারা। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর বুধবার এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘সামান্যতম আত্মসমর্পণের প্রবণতা’ থেকেও সতর্ক থাকার আহ্বান জানান। কট্টরপন্থিরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় থাকা ইরানি প্রতিনিধিদের উদ্দেশ্যেই এ বার্তা দিয়েছেন তিনি।
ফক্স নিউজের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প স্বীকার করেছেন, ইরানের যুদ্ধ রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের অন্যতম কারণ। একই কথা আরও স্পষ্টভাবে বলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুদ্ধের কারণেই নির্বাচনে হেরেছে রিপাবলিকানরা।
ট্রাম্প ও ভ্যান্সের এমন বক্তব্য ইরানের কট্টরপন্থিদের আরও উৎসাহিত করেছে। দেশটির রক্ষণশীল রাজনীতিক ও সংবাদমাধ্যমগুলোও রিপাবলিকানদের পরাজয়কে ইরানের জয় হিসেবে তুলে ধরছে।
ইরানের কট্টরপন্থি সংবাদমাধ্যম রাজা নিউজের এক নিবন্ধে বলা হয়েছে, ইরানে হামলার মূল্য যুক্তরাষ্ট্রকে না দেওয়া পর্যন্ত ওয়াশিংটনকে সংকট থেকে বের হওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। তাড়াহুড়ো করে কোনো চুক্তির মাধ্যমে ট্রাম্পকে পার পেয়ে যাওয়ার সুযোগও দেওয়া যাবে না।
নিবন্ধে আরও বলা হয়, এই সংঘাত থেকে ইরানের অর্জন নষ্ট করা যাবে না। যুক্তরাষ্ট্রকে নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত করতে শক্তি বাড়ানো, সর্বোচ্চ চাপ সৃষ্টি এবং জ্বালানির দাম বাড়ানোর মতো পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
যুদ্ধ বন্ধের আলোচনা থমকে আছে
সংঘাতের আট মাস পেরিয়ে গেলেও যুদ্ধ এখন অনেকটা অচলাবস্থায় রয়েছে। সামরিক তৎপরতা কমলেও কূটনৈতিক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি নেই। গত কয়েক সপ্তাহে ইরানের আলোচকেরা তেহরান ও দোহার মধ্যে যাতায়াত করছেন। কাতারের মধ্যস্থতাকারীরা দুই পক্ষের মতপার্থক্য কমিয়ে এমন একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন, যার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু এবং যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হবে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরানবিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক হামিদরেজা আজিজি সিএনএনকে বলেন, সাম্প্রতিক নির্বাচনের ফলকে ইরানের নেতৃত্ব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের কৌশলের সাফল্য হিসেবে দেখছে। ফলে ওয়াশিংটনের সঙ্গে চুক্তির শর্ত নিয়ে তেহরানের অবস্থান আরও কঠোর হতে পারে।
আজিজির মতে, ট্রাম্পের পক্ষে শুধু ‘মিশন সম্পন্ন’ ঘোষণা দিয়ে যুদ্ধ শেষ করা বাস্তবসম্মত নয়। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সমালোচনা সামাল দিতে হলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছু ছাড় আদায় করতে হবে। অন্যথায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে শক্ত অবস্থান থেকে যুদ্ধ শেষ করার দাবি তুলতে পারেন ট্রাম্প।
তিনি বলেন, নির্বাচনের ফলের পর ইরানের কাছে পারমাণবিক বিষয়ে ট্রাম্পকে ছাড় দেওয়ার কোনো কারণ নেই। বরং যেকোনো চুক্তির আগে যুক্তরাষ্ট্রকেই প্রথম পদক্ষেপ নিতে হবে—এমন দাবিতে আরও অনড় হতে পারে তেহরান।
নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা কিছুটা কমেছে বলে জানিয়েছেন এক আঞ্চলিক কর্মকর্তা। তবে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি এখনো রয়েছে।
অক্টোবরে ট্রাম্প বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে না। তবে নির্বাচনের পর আবার হামলা শুরু হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি। এতে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পাল্টা হামলার পরিধি বাড়ানোর হুমকিও দিয়েছিল ইরান।
গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে কয়েক দফা হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রাতেও সেখানে হামলার ঘটনা ঘটে। তবে দুই পক্ষই হামলার তীব্রতা কম করে তুলে ধরার চেষ্টা করছে। চলমান আলোচনা টিকিয়ে রাখতেই এমন অবস্থান নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা আরও এগোব কি না। সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। কিন্তু হয়তো আমাকে তা করতে হবে। শিগগিরই আপনারা জানতে পারবেন।’
মধ্যবর্তী নির্বাচনের পর মধ্যপ্রাচ্যজুড়ে কূটনৈতিক তৎপরতাও বেড়েছে। শুক্রবার কাতার জানিয়েছে, উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনার জন্য ট্রাম্প দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ফোন করেছিলেন।
এর আগে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, পাকিস্তান, কুয়েত, জর্ডান, তুরস্ক, সাইপ্রাস ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেন।
যুদ্ধের পর কী চায় ইরান?
ইরানের কট্টরপন্থিরা প্রকাশ্যে আরও সংঘাতের পক্ষে অবস্থান নিলেও বিশ্লেষকদের মতে, দেশটির নেতৃত্ব এমন একটি চুক্তি চায়, যার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটবে এবং একই সঙ্গে আঞ্চলিক প্রভাব ও দর-কষাকষির ক্ষমতা বাড়বে।
সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ গবেষক সিনা তুসি সিএনএনকে বলেন, ইরান এমন অবস্থানে যুদ্ধ শেষ করতে চায়, যাতে দেশটির প্রতিরোধক্ষমতা আরও শক্তিশালী হয় এবং দীর্ঘমেয়াদি প্রভাব বজায় থাকে। পাশাপাশি এমন একটি আঞ্চলিক ব্যবস্থা গড়ে উঠুক, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে একঘরে করা, ক্রমাগত চাপ দেওয়া কিংবা হামলার ঝুঁকিতে ফেলার সুযোগ না পায়।
হরমুজ প্রণালি খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত পূরণের দাবি জানিয়েছে ইরান। এসব শর্তের মধ্যে রয়েছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ক্ষতিপূরণ প্রদান, যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া। তবে ওয়াশিংটন এসব দাবি মেনে নেবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাও। সংঘাতে ইরানের অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে এবং দীর্ঘদিনের ছায়াযুদ্ধ প্রকাশ্য সংঘাতে রূপ নিয়েছে।
যুদ্ধ অচলাবস্থায় পৌঁছানোর পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করে এবং নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। এতে দেশটির অর্থনৈতিক চাপ আরও বেড়েছে, দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
সিনা তুসি বলেন, ইরানের অর্থনীতি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। সংঘাত অব্যাহত থাকলে বড় ধরনের ঝুঁকি তৈরি হবে। তবে এ কারণেই ইরানের নেতৃত্ব তাদের হাতে থাকা শেষ দর-কষাকষির সুযোগগুলো স্থায়ী কোনো সুবিধা আদায় না করে ছেড়ে দিতে চাইছে না।
আঞ্চলিক প্রভাব বাড়ানোর কৌশল
যুদ্ধ নিয়ে ইরানের অভ্যন্তরে কট্টরপন্থি ও মধ্যপন্থীদের মধ্যে মতপার্থক্য আরও স্পষ্ট হয়েছে। কট্টরপন্থিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত চালিয়ে যাওয়ার পক্ষে। অন্যদিকে মধ্যপন্থীরা মনে করেন, কূটনীতি ও আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক চাপ কমানো সম্ভব।
তবে মতপার্থক্য থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে ইরানের নেতৃত্ব এখন পর্যন্ত মোটামুটি ঐক্যবদ্ধ অবস্থান বজায় রেখেছে। সংঘাতের ব্যয় বিশ্বজুড়ে বাড়াতে স্বল্পমেয়াদি কৌশল হিসেবে আঞ্চলিক তেল স্থাপনায় হামলা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোর ওপর গুরুত্ব দিচ্ছে তেহরান।
যুদ্ধের আগে বিশ্বের দৈনিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। ফলে এ পথে জাহাজ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়ে।
তবে দীর্ঘমেয়াদে ইরানের লক্ষ্য আরও বিস্তৃত। যুদ্ধ শেষে আগের তুলনায় বেশি আঞ্চলিক প্রভাব ও দর-কষাকষির ক্ষমতা অর্জন করতে চায় দেশটি।
তুসির মতে, ইরান চায় প্রতিবেশী দেশগুলো বুঝুক, তাদের নিরাপত্তা শুধু যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির ওপর নির্ভর করতে পারে না। মধ্যপ্রাচ্যে স্থায়ী নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে হলে ইরানের স্বার্থকেও গুরুত্ব দিতে হবে। এমন একটি সমঝোতা চায় তেহরান, যা আঞ্চলিক কৌশলগত ভারসাম্য তাদের পক্ষে নিয়ে আসবে এবং যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ইরানকে একঘরে করা, চাপ দেওয়া কিংবা হামলা চালানোর সক্ষমতা সীমিত করবে।
বুধবার দেওয়া বার্তায় মোজতবা খামেনি যুদ্ধকে ‘উজ্জ্বল ও আশাব্যঞ্জক ভোরের’ সূচনা বলে উল্লেখ করেন। তাঁর ভাষায়, এই যুদ্ধ একটি ‘নতুন বিশ্বব্যবস্থার’ ভিত্তি তৈরি করছে।
তবে ইরানের এই উচ্চাভিলাষী লক্ষ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের সঙ্গে সংঘাতে জড়াতে পারে। নির্বাচনী পরাজয়ের পর দেশের অভ্যন্তরে রাজনৈতিক চাপের মুখে বিদেশে নিজের শক্ত অবস্থান তুলে ধরতে আরও আগ্রহী হয়ে উঠতে পারেন তিনি।
সূত্র: সিএনএন

