ইসরায়েলে নতুন জোট সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আনুষ্ঠানিকভাবে তাকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। এর মধ্য দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পেছনে ফেলে সরকার গঠনের সুযোগ পেলেন সাবেক এই সেনাপ্রধান।
সম্প্রতি অনুষ্ঠিত ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়। এ পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও পরামর্শের পর আইজেনকোটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট।
রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকোটের পক্ষে ৬৭টি এবং নেতানিয়াহুর পক্ষে ৪৬টি সুপারিশ জমা পড়েছে। এই সুপারিশ পর্যালোচনা করেই আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইজেনকোট বলেন, এখন একটি জাতীয় জরুরি সরকার গঠনের সময়। এ দায়িত্ব পালনে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।
সরকার গঠনের জন্য আইজেনকোট প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যাবে।
ইসরায়েলের ১২০ আসনের নেসেট নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি এবং তার অতি-ডানপন্থী ও আল্ট্রা-অর্থোডক্স মিত্ররা সম্মিলিতভাবে ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে, আইজেনকোটের মধ্যপন্থী ইয়াশার পার্টি ও তার জোটের অন্য তিনটি বিরোধী দল মিলে পেয়েছে ৪৮টি আসন।
এবারের নির্বাচনে উল্লেখযোগ্য ফল করেছে দুটি আরব নেতৃত্বাধীন জোট—ইউনাইটেড আরব লিস্ট ও জয়েন্ট লিস্ট। তারা যৌথভাবে ১৯টি আসন পেয়েছে। ফলে সরকার গঠনের ক্ষেত্রে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবে নির্বাচনের আগে অধিকাংশ ইহুদি রাজনৈতিক দল আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনে কাজ না করার ঘোষণা দিয়েছিল। যদিও বর্তমান পরিস্থিতিতে আইজেনকোটের জোটের সঙ্গে আরব দলগুলোর সমঝোতার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
ইসরায়েলের আইন অনুযায়ী, প্রেসিডেন্টকে সর্বোচ্চ আসন পাওয়া দলের নেতাকেই সরকার গঠনের দায়িত্ব দিতে হয় না। বরং যার সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি, তাকেই এ দায়িত্ব দেওয়ার সুযোগ রয়েছে।
এদিকে সরকার গঠনে আইজেনকোটের সামনে কয়েকটি রাজনৈতিক সমীকরণ রয়েছে। নেতানিয়াহুকে নিয়ে জাতীয় ঐক্য সরকার গঠন, বিরোধী জোট থেকে সদস্যদের সমর্থন আদায় কিংবা আরব দলগুলোর সহযোগিতায় সরকার গঠন—সব পথই বিবেচনায় রয়েছে।
এর আগে ২০২০ সালে দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার পর নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিদ্বন্দ্বী বেনি গ্যান্টজ ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে পৌঁছেছিলেন। তবে ২০১৯ থেকে ২০২২ সালের রাজনৈতিক সংকটের সময় দলগুলোর মধ্যে সমঝোতার অভাবে ইসরায়েলে পরপর পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হয়।
বর্তমান পরিস্থিতিতে নতুন নির্বাচন এড়াতে এবং স্থিতিশীল সরকার গঠনে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট হারজোগ।
সূত্র: বিবিসি ও দ্য গার্ডিয়ান
বিএইচ
