যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবতরণের সময় আকাশে দুই স্কাইডাইভারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজনই নিহত হয়েছেন।
দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার ক্যালিফোর্নিয়ার লেক এলসিনোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অবতরণের সময় ভূমি থেকে প্রায় ৪৫ মিটার বা ১৪৮ ফুট উচ্চতায় দুই স্কাইডাইভারের মধ্যে সংঘর্ষ হয়। এতে তাদের প্যারাস্যুট দুটি একে অপরের সঙ্গে জড়িয়ে যায়।
এ ঘটনায় দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
স্কাইডাইভ এলসিনোরের এক মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটির আয়োজনে নারীদের জন্য পরিচালিত একটি প্রশিক্ষণ শিবির চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
রিভারসাইড কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ডেইড্রে ভিকার্স জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
বিএইচ
