ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধীদলীয় নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট। তার নেতৃত্বে গঠিত হতে যাওয়া সম্ভাব্য সরকারে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার অতি-ডানপন্থী মিত্রদেরও যোগ দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
আইজেনকোট বলেছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার অতি-ডানপন্থী মিত্ররা চাইলে সরকারে যুক্ত হতে পারেন। তবে সে ক্ষেত্রে সরকার পরিচালনার নেতৃত্ব দিতে হবে তাকেই।
সামরিক বাহিনীর সাবেক প্রধান আইজেনকোট মূলত নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এবং অতি-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের দল রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির প্রতি এ আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, লিকুদ ও রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির সদস্যরা যদি সত্যিই জাতীয় ঐক্যের সময় বলে মনে করেন, যেমনটি তারা প্রেসিডেন্টকে জানিয়েছেন, তাহলে তার প্রস্তাবিত নীতিমালা ও নেতৃত্বে গঠিত সরকারকে সমর্থন না করার কোনো যুক্তি নেই।
এর আগে রোববার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আনুষ্ঠানিকভাবে গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে স্থিতিশীলতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি এ সিদ্ধান্ত জানান। এ সময় দেশটি অত্যন্ত অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি বলে সতর্ক করেন প্রেসিডেন্ট।
সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর আইজেনকোট একে ইসরায়েলি গণতন্ত্রের অন্যতম নাজুক ও বিপজ্জনক মুহূর্ত বলে অভিহিত করেন।
সূত্র: এএফপি
বিএইচ
