ইসরায়েলের নতুন সরকার গঠনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নীতিগত অবস্থানের দিক থেকে এই দুই নেতার মধ্যে খুব বেশি পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) ফ্লোরিডায় এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন। এ খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলে নতুন সরকার গঠনের ক্ষেত্রে নেতানিয়াহুর আগে আইজেনকটকে প্রথম সুযোগ দেওয়ার বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকেরা।
জবাবে ট্রাম্প বলেন, নীতিগত দিক থেকে তারা দুজন প্রায় একই রকম। আইজেনকট তার সম্পর্কে বেশ ভালো কথা বলেছেন এবং জানিয়েছেন, তিনি ট্রাম্পকে ভালোবাসেন। তবে ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতিতে কী ঘটছে, তা এখনো তিনি পর্যবেক্ষণ করেননি।
ট্রাম্প আরও বলেন, আইজেনকট ও নেতানিয়াহুর মধ্যে নিশ্চিতভাবেই প্রতিদ্বন্দ্বিতা চলছে। পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যায়, তা দেখার বিষয়।
গত মাসে ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প। তবে এরপরও আইজেনকট ট্রাম্পের সমালোচনা এড়িয়ে গেছেন।
নেতানিয়াহুর সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরতে আইজেনকট সরকার পরিচালনার ধরন পরিবর্তনের কথা বলেছেন। তবে নীতিগত বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে তার সুনির্দিষ্ট পার্থক্য এখনো স্পষ্ট করেননি।
এ ছাড়া নেতানিয়াহুর বিদায়ী জোটের তুলনায় অপেক্ষাকৃত মধ্যপন্থি সরকার গঠনের আগ্রহ প্রকাশ করেছেন আইজেনকট। ওই জোটে উগ্র ডানপন্থি ও কট্টর অর্থোডক্স দলগুলো অন্তর্ভুক্ত ছিল।
বিএইচ
