ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনার পর একটি গাড়িতে আগুন লেগে ছয় তরুণের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে রাজ্যটির মুজাফফরনগরের পানিপথ-খাতিমা জাতীয় মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তরুণদের সবাই হরিয়ানার হানসি জেলার দুটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন জানায়, তরুণদের বহনকারী গাড়িটি মহাসড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে প্রচণ্ড গতিতে ধাক্কা দিলে সাথে সাথেই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে গাড়ির ভেতরে আটকে থেকেই ছাই হয়ে যান ৬ জন। দুর্ঘটনাস্থলটি মুজাফফরনগর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।
নিহতরা হলেন— সাহিল (২০), আমান (২১), অজয় (২১), অঙ্কিত (২১), একই নামের আরেক অঙ্কিত (২১) এবং রাহুল (২৩)। তাঁদের মধ্যে চারজন রাখিগড়ি গ্রামের এবং দুজন মোথ রঙ্গরান গ্রামের বাসিন্দা। নিহত অঙ্কিত ও রাহুল ছিলেন দুই আপন ভাই।
নিহতদের স্বজনরা জানান, পরিবারকে কিছু না জানিয়েই রোববার দিবাগত রাত ১২টার দিকে তারা বাড়ি থেকে বের হয়েছিলেন। সোমবার সোমবতী অমাবস্যা উপলক্ষে গঙ্গায় পুণ্যস্নান করতে হরিদ্বার যাচ্ছিলেন এই ছয় বন্ধু। দীপাবলির উৎসব শেষে তাঁরা এই ধর্মীয় ভ্রমণে বের হয়েছিলেন।
সাহিলের বাবা সোম কুমার জানান, তাঁর ছেলেই গাড়িটি চালাচ্ছিল। হুন্দাই অরা (Hyundai Aura) মডেলের ওই গাড়িটি তিনি দুদিন আগেই প্রবীণ নামের এক ব্যক্তির কাছ থেকে এনেছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তবে ততক্ষণে মরদেহগুলো মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় সেগুলো চেনার কোনো উপায় ছিল না। মর্মান্তিক এই ট্র্যাজেডির খবর পৌঁছাতেই নিহতদের গ্রাম ও পরিবারে কান্নার রোল পড়েছে। মরদেহগুলো শনাক্ত ও ফিরিয়ে আনতে হরিয়ানা থেকে স্বজনরা উত্তর প্রদেশের উদ্দেশে রওনা হয়েছেন।
ডিআর

